বাগেরহাট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তালুকদারের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
চিংড়ি ঘের দখল ও চাঁদা আদায়ের অভিযোগ এনে বুধবার জেলা বিচার বিভাগীয় হাকিম আব্দুস সালামের আদালতে নতুন মামলাটি করেন শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আব্দুস সামাদ হাওলাদার নামে এক ঘের মালিক। এর আগে গত ১৭ এপ্রিল আকরাম হোসেন খান নামে অপর এক ঘের মালিক অপর একটি মামলা করেন।
আব্দুস সামাদ হাওলাদারের দায়ের করা মামলায় শামছুল আলমের পাশাপাশি তার সহযোগী নজরুল ইসলাম লাল, ইউসুফ আলী মনির, রতন হাওলাদার ও খোকন তালুকদারসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জনকে আসামি করা হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপি নেতা শামছুল আলম তালুকদারের নেতৃত্বে আসামিরা ২০০৬ সালে বাদির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে ভীত হয়ে হয়ে বাদি ২০০৬ সালের ৩০ এপ্রিল শরণখোলা থানা বিএনপির কার্যালয়ে বসে ১০ হাজার টাকা চাঁদা দেন। বাকি টাকা না দেওয়ায় ওই বছরের ২০ মে বাদির বাড়ির পাশের চিংড়ি ঘেরটি দখল করে নেয় আসামিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩১ ঘ.
bdnews24