ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গ্যাটকো দুর্নীতি মামলার অন্যতম আসামী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশীদ উদ্দিন আহমেদ বুধবার আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালত এ নির্দেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী এ এস এম আবদুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ কে রশীদ উদ্দিন আহমেদ সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। এরপর আদালত তাকে ডিভিশনসহ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।"
গ্যাটকো দুর্নীতি মামলার মোট ২৪ জন আসামীর মধ্যে এ পর্যন্ত ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ৭ জন পলাতক রয়েছেন।
বন্দরের প্রকৌশল ও উন্নয়ন বিভাগের সদস্য এ কে রশীদ উদ্দিন আহমেদ চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার চুক্তি স্বাক্ষরের দিন এক দিনের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে গত বছর ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচডি-ইএইচবি/আরএ/এসকে/১২৩০ঘ.
bdnews24