গাইবান্ধা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলাশবাড়ি উপজেলার মাঝিপাড়া এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে যাত্রীবাহী বাস একটি রিকশা ভ্যান চাপা দিলে মা ও ছেলে নিহত হয়।
নিহতরা হলেন- উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামের ফজলু মিয়ার স্ত্রী কমলা বেগম (৩২) ও তার শিশুপুত্র শাহাবুল মিয়া (৮)।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিলচন্দ্র মণ্ডল জানান, দুপুর সোয়া ১টায় বগুড়া থেকে গাইবান্ধাগামী তৌফিক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (বগুড়া-ব-১১-৭৩৫) মাঝিপাড়া এলাকায় পৌছার পর বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়।
এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাহাবুল ও হাসপাতালে নেওয়ার পথে কমলা বেগম মারা যান। মা ও ছেলে রিকসা-ভ্যানযোগে গাইবান্ধা শহর থেকে বাড়ি ফিরছিল। দুর্ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন। তার নাম জানা যায়নি।
এ ব্যাপারে পলাশবাড়ি থানায় মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি১৯২৯ ঘ.
bdnews24