ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার আরমানিটোলায় একটি বাড়ির ভূগর্ভস্থ এসিডের গুদামে সোমবার শেষ রাতে আগুন লেগে যায় (আরো তথ্য সহ)।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দমকল বাহিনীর সহকারী পরিচালক নুরুল হকের নেতৃত্বে দমকল বাহিনীর ১০-১২টা ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
বেলা ১১টা ৪০মিনিটে দমকল বাহিনীর পরিচালক অপারেশন মেজর শেখ মোহাম্মদ শাহজালাল বলেন,"আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ভূগর্ভস্থ গুদামে যথেষ্ট পানি রয়েছে। বিস্ফোরণের কোন সম্ভাবনা নেই।"
এমটিসি টাওয়ার নামের ১০ তলা ভবনটির ব্যবসায়ী আমীর হামজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনের ভূগর্ভে দুটি গুদাম, নিচতলার মার্কেটে ২০টি দোকান ও দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের একটি শাখা এবং বাকি নয়টি তলায় ৩৬টি ফ্ল্যাট রয়েছে।"
গুদামে ফরমালিন এসিড, ফসফরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, কসটিক এবং পটাসিয়াম রয়েছে বলেও জানান তিনি।
এ ভবনের বাসিন্দা হাজী মো: মোখলেস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে নামাজ শেষে ধোঁয়া দেখে দারোয়ানকে ডেকে গুদামের দরজা খোলেন তিনি।
এর কিছুক্ষণের মধ্যেই আগুন বেড়ে যায় এবং তিন-চারটা বিস্ফোরণ ঘটে।
গুদামে বিদ্যুৎ সংযোগ নেই এবং কাজ করার সময় জেনারেটর চালানো হয় বলেও জানান হাজী মোখলেস ।
দমকল বাহিনীর পরিচালক অপারেশন শাহজালাল বলেন,"এখানে এসিড জাতীয় দ্রব্য থাকে। পুরো গুদামে বিদ্যুৎ সংযোগ ও কোন জানালা নেই। গরমের জন্য এসিডের বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।"
আগুনের ভয়ে ভবনটি থেকে সবাই নিচে নেমে যায়। আশপাশের ভবন থেকেও সবাইকে নিচে নেমে যেতে বলেছে দমকল বাহিনী।
সব দোকান এবং ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে বলে ব্যাংকের ব্যবস্থাপক মো: হজরত আলি জানিয়েছেন।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এফএফ/১২১৪ ঘ.
bdnews24