ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরতলীতে রোববার রাতে কালবৈশাখী ঝড়ে অন্তত ১০০০ ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে কয়েকশ গাছ। আহত হয়েছেন- কমপক্ষে ২০ জন।
বান্দরবানের লামা ও আলীকদমে শতাধিক বসত ঘর বিধ্বস্ত হয়েছে ও কয়েক হাজার গাছপালা উপড়ে গেছে।
আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, শহরতলীর দক্ষিণ কুতুবদিয়া পাড়া, ফদনার ডেইল, বন্দর পাড়া, নাজিরারটেক, বাসিন্যা পাড়া, মোস্তাইক্যা পাড়া ও উত্তর নুনিয়া ছড়া এলাকায় রোববার গভীর রাতে ঝড়ে প্রায় এক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েকশ গাছ উপড়ে গেছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
আহতদের মধ্যে কয়েকজন হলেন- দক্ষিণ কুতুবদিয়া পাড়ার আনু মিস্ত্রি (৪৭), ফাতেমা (৪০), নুরুল গণি (৪০), বন্দর পাড়ার শামসুল আলম (৪৮), বেবি আকতার (৩৫), মোস্তাক্যাইয়া পাড়ার ছখিনা খাতুন (১৫), আবুল খায়ের (৫০), মোহছেনা বেগম (১৮), রশিদ আহমদ (৩১) ও রহিমা খাতুন (৩৩)। এদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের কর্মকর্তা আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাত প্রায় পৌনে ২টার দিকে ঝড় শুরু হয়। স্থায়ী ছিল ১৫ মিনিট। তখন বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার।"
তিনি জানান, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কক্সবাজার শহরতলীর দক্ষিণ কুতুবদিয়া পাড়া, ফদনার ডেইল, বন্দর পাড়া, নাজিরারটেক, বাসিন্যা পাড়া, মোস্তাইক্যা পাড়া ও উত্তর নুনিয়াছড়া।
বনপ্রহরী শেখ শহিদুল ইসলাম বাবুল জানান, সাগর পাড়ে তিন শতাধিক ঝাউগাছ উপড়ে গেছে।
দক্ষিণ কুতুবদিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক বোরহান জানান, উত্তর নুনিয়াছড়া বাদ দিলে অবশিষ্ট এলাকাগুলিতে এক হাজারের অধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের মধ্যে ২০০ বসতবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, "আমি নিজেই ওই সব এলাকায় ৬৭৬টি ক্ষতিগ্রস্ত বসতবাড়ি গণনা করেছি। প্রায় সব বাড়িই কাঁচা ও বাঁশের তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।"
এইসব এলাকায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বৃহত্তর কুতুবদিয়া পাড়া উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি আকতার কামাল কুতুবী জানান, হঠাৎ ঝড়ে নাজিরারটেক শুটকি মহালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে সেসব শুটকি ঘরের বাইরে ছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
এতে অন্তত ১০ লাখ টাকার শুটকি নষ্ট হয়েছে বলে জানান তিনি।
জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবদুল আজিজ জানান, ঝড়ের পর এলাকা পরিদর্শন শেষে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের বলা হয়েছে, ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করে যেন জেলা প্রশাসনে জমা দেয়। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবান প্রতিনিধি জানান, লামা ও আলীকদম উপজেলায় রোববার রাতে ঝড়ে শতাধিক বসত ঘর বিধ্বস্ত ও কয়েক হাজার গাছপালা উপড়ে গেছে। ভাঙ্গা গাছপালা রাস্তায় পড়ে থাকায় কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাংবাদিক আলাউদ্দিন শাহরিয়ার জানান, ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক বসত ঘর বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার গাছপালা উপড়ে পড়েছে।
আলীকদম উপজেলা প্রশাসনের অফিস সহকারী মামুন চৌধুরী জানান, ঝড়ে ৫০টির বেশি বসত ঘর বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা উপড়ে গেছে।
উপড়ে পড়া গাছপালা রাস্তায় পড়ায় সোমবার ভোর থেকে লামা, আলীকদম- চকরিয়া সড়কসহ বিভিন্ন সড়কে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। দুপুরে এসব গাছ রাস্তা থেকে সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24