চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় মানের রেস্তোরাঁয় খাবারের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) ১৫ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি।
সমিতি মোট বিক্রয়ের শতকরা ২০ শতাংশ সেবামূল্য ধরে তার উপর ১৫ শতাংশ হারে অথবা মোট বিক্রির উপর তিন শতাংশ হারে মূসক নির্ধারণের দাবি জানায়।
সোমবার চিটাগাং প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়রেস্তোরাঁ মালিক সমিতি।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়্, ছোট বড় দোকান নির্বিশেষে দেশীয় খাবারের রেস্তোরাঁগুলোতে পাঁচ তারকা হোটেল ও বিদেশি খাবারের অভিজাত রেস্তোরাঁর মত ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা অযৌক্তিক ও অমানবিক।
সমিতি দাবি করে, দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে রেস্তোরাঁর ব্যয় বেড়েছে। কিন্তু তারা খাদ্য দ্রব্যের দাম সে অনুপাতে বাড়ায়নি। ক্রেতাদের স্বার্থে তারা লাভের পরিমাণ কমিয়ে দিয়েছে। এর উপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর দিতে বাধ্য হলে এ খাতটি ঝুঁকির মধ্যে পড়বে বলেও সমিতি দাবি করে।
মালিক সমিতি আয়কর নির্ধারণের ক্ষেত্রে ৩৫ শতাংশের স্থলে ১০ শতাংশ নির্ধারণের দাবি জানায়। এছাড়া আয়কর কর্মকর্তাদের হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে সমিতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি খন্দকার রুহুল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম রেস্তোরাঁ সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন তালুকদার ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৭০৪ ঘ.
bdnews24