ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নেত্রীরা আবারো জাতীয় নারী উন্নয়ন নীতির ক্ষেত্রে সরকারের অবস্থান জনগণের কাছে সুষ্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে এক আলোচনায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও নারী নেত্রী আয়শা খানম এ আহ্বান জানান।
সামাজিক প্রতিরোধ কমিটি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আয়শা খানম বলেন, "প্রেসনোট জারি করে ঘোষিত জাতীয় নারী উন্নয়ন নীতি '০৮-র ক্ষেত্রে সরকারের অবস্থান দেশের নারী সমাজ তথা জনগণের কাছে সুষ্পষ্টভাবে তুলে ধরতে হবে।"
সরকারকে উদ্দেশ্য করে আয়শা খানম বলেন, "দেশটা শুধু পুরুষ মানুষের জন্য নয়। এদেশের নাগরিকদের প্রায় শতকরা ৫০ ভাগ নারী। তাদেরও অধিকার দিতে হবে।"
স্বাধীনতাবিরোধী, ধর্ষণ, লুটতরাজ ও অগ্নিসংযোগকারীদের ভয়ে সরকারকে এ নীতির বাস্তবায়ন থেকে সরে গেলে চলবে না বলে মন্তব্য করেন আয়শা খানম।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, "জাতীয় নারী উন্নয়ন নীতির ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। জঙ্গীগোষ্ঠী বা স্বাধীনতা বিরোধীরা জাতীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কথা বলতে পারেন না। তাদের সে অধিকার নেই।"
কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সকল মসজিদ ও মন্দিরে এ নীতির বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। তিনি বায়তুল মোকাররমসহ সরকারি মসজিদের সকল খতিবের বিরুদ্ধে এজন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান বলেন, "একাত্তরের মুক্তিযুদ্ধে যারা কোরান ও পাকিস্তানের কথা বলে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই নারী নীতির বিরোধিতা করছে।"
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের ভয়ে এ নীতির বাস্তবায়ন থেকে পিছু হটা চলবে না।
এ নীতির বাস্তবায়নের দাবিতে ঘোষণাপত্রে পর্যালোচনা কমিটি বাতিল করা ও তাদের সুপারিশ গ্রহণ না করা, ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করা, সংবিধানে বর্ণিত সমঅধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার করা, নারী নীতির ক্ষেত্রে সরকারের সুষ্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা ও ২০০৮-০৯ অর্থবছরে এ নীতিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করার বিষয়ে পাঁচটি দাবি তুলে ধরা হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ড. অজয় রায়, রোকেয়া কবির, সারা হোসেন, মোশাররফ হোসেন, সালমা আলী, নাজমা আখতার, ড. বদিউল আলম মজুমদার ও ফারাহ কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/২২২৭ঘ.
bdnews24