ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর তুরাগ থানার আলোচিত দলিপাড়ার সালাউদ্দিন হত্যার দায়ে অভিযুক্ত তিনজনকে রোববার মৃত্যুদণ্ড ও ১০জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধের জের হিসেবে ওই হত্যাকাণ্ড ঘটে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মাসদার হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আকবর আলী ওরফে অটো আকবর, আকবর আলী ও ইসরাইল মজুমদার। তারা সবাই দলিপাড়ার বাসিন্দা। অটো আকবর কারাগারে থাকলেও বাকি দুজন পলাতক রয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সরোয়ার, নুর আলম, দেলোয়ার হোসেন ওরফে দেলু, মনির, খোকন, মিটুন মজুমদার , মানিক মজুমদার, মিঠু ওরফে মিন্টু, ফিরোজা বেগম ও কালাম। এদের মধ্যে প্রথম চারজন কারাগারে এবং বাকিরা পলাতক রয়েছে।
মামলার বাদী নিহত সালাউদ্দিনের পিতা হাজী হামিদ আলী ২০০৫ সালের ১৭ আগস্ট তুরাগ থানায় মামলাটি করেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০০৫ সালের ১৭ আগস্ট আসামিরা পূর্বশত্র"তার জের হিসেবে বাদীর দলিপাড়ার বাড়িতে সশস্ত্র হামলা করে। তারা বাদির ছেলে সালাউদ্দিন, আলাউদ্দিন, রকিবুদ্দিন ও মেয়ে শুক্কুর বিবির ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসকে/২১২৯ঘ.
bdnews24