২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০০৮'এর চূড়ান্ত অনুমোদন

সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে 'সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০০৮'এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকশেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ বিষয়ে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে 'সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০০৮'এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকশেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ বিষয়ে জানান। তিনি বলেন,"আজকের বৈঠকে তিনটি বিষয় উপস্থাপন করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের জন্য স্ব^তন্ত্র বেতন কাঠামো প্রণয়ন সংক্রান্ত প্রস্তাব আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।" সরকারি হিসাব পর্যালোচনা কমিটি বিশেষ বিধান অধ্যাদেশ ২০০৮ প্রস্তাবটিও ফেরত পাঠানো হয়। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০০৮ এর খসড়া অনুমোদন দেওয়া হয় জানিয়ে প্রেস সচিব বলেন, "এই অধ্যাদেশের সন্ত্রাসী কার্যাদেশের সংজ্ঞায় বলা হয়েছে, যদি কোন ব্যক্তি কাউকে কোন কাজ করতে বা কাজ করা থেকে বিরত রাখতে বাধ্য করার উদ্দেশ্যে, কোন ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণ করলে বা কোন ব্যক্তির সম্পত্তির ক্ষতি সাধন করলে অথবা এসব উদ্দেশ্যে কোন বিস্ফোরক দ্রব্য, বস্তু, আগ্নেয়াস্ত্র বা অন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার বা নিজ দখলে রাখলে তিনি সন্ত্রাসী কাজ করেছেন বলে বিবেচিত হবে।" ফাহিম মুনয়েম জানান, সন্ত্রাসী কাজের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনুর্ধ বিশ বছর এবং ন্যুনতম তিন বছর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কারাদণ্ড হবে। এর অতিরিক্ত অর্থ দণ্ডও আরোপ করা যাবে। এছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা অপরাধ এবং সন্ত্রাসী কাজের সহায়তার জন্য অন্যান্য শাস্তির বিধান রাখা হয়েছে। প্রেস সচিব জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ যোগান দিলে তা দণ্ডযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। এই অপরাধের জন্য অনধিক বিশ বছর এবং কমপক্ষে তিন বছর কারা ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তিনি জানান, কেউ নিষিদ্ধ সংগঠনের সদস্য হলে তাকে অনধিক ছয়মাস কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা যাবে। নিষিদ্ধ সংগঠনের সমর্থনে প্রচার কাজ চালালে অনধিক সাত বছর এবং ন্যুনতম দুই বছরের সাজা ও অর্থদণ্ড দেওয়া যাবে। এই অধ্যাদেশের অধীন কোন অপরাধীকে আশ্রয় দিলে সেই অপরাধীর শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তবে আশ্রয়দাতা অনধিক ৫ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। অপরাধীর শাস্তি যদি যাবজ্জীবন বা যেকোন মেয়াদে কারাদণ্ড হয় তবে আশ্রয়দাতা অনধিক তিন বছরের কারা এবং অর্থদণ্ডের সাজা পাবেন। কোন সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তা নিষিদ্ধ ঘোষণাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিধানও রাখা হয়েছে। অধ্যাদেশ নিয়ে কোন সংক্ষুব্ধ সংগঠন ত্রিশ দিনের মধ্যে সরকারের কাছে পুনঃপরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সরকার শুনানি গ্রহণ করে আবেদন পাওয়ার ৯০ দিনের মধ্যে তার নিস্পত্তি করবে। পুনঃপরীক্ষার আবেদন নামঞ্জুর হলে সংক্ষুব্ধ সংগঠন ত্রিশ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে। এই অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন সনাক্ত ও প্রতিরোধ করার প্রয়োজনীয় পদক্ষেপের ক্ষমতা ও দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের থাকবে। অধ্যাদেশের দশটি অধ্যায়ে ৪৪টি ধারা আছে। ২ নম্বর ধারায়, আগ্নেয়াস্ত্র, দাহ্য পদার্থ, বিস্ফোরক দ্রব্য ইত্যাদি শব্দ ও অভিব্যক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। ৫ ধারায় বলা হয়েছে, যদি কোন ব্যক্তি বাংলাদেশের বাইরে অবস্থানকারী কোন বাংলাদেশী নাগরিক বা বাংলাদেশের সম্পদের বিরুদ্ধে অপরাধ করে এবং বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের ভেতরে কোন অপরাধ করে এবং বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের বাইরে কোন অপরাধ করে তবে তার অপরাধের বিচার বাংলাদেশে হবে। সন্ত্রাস বিরোধী আইন ২০০৬ এর খসড়া একই বছর ১৩ মার্চ মন্ত্রী পরিষদে উপস্থাপন করা হলে সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়। কিন্তু কাজ শেষ করার আগেই বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর ২০০৭ সালের ফেব্র"য়ারি মাসে তৎকালীন আইন উপদেষ্টার সভাপতিত্বে এক সভায় এ বিষয়টি আলোচিত হয় এবং একই বছরের ৩০ ডিসেম্বর সেটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়। এই বৈঠকে আরও পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়। ২০০৮ সালের ২৭ এপ্রিল আবার সেটি উপদেষ্টা পরিষদে তোলা হলে কিছু নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার আবার তোলা হলে উপদেষ্টা পরিষদ তা অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমইউএ/এসকে/২১১৮ঘ.