পটুয়াখালী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জে গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পরিবারের সংঘর্ষে রোববার সকালে এক শিশু নিহত এবং তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
নিহত শিশুর নাম-শারমিন (৮)। আহতরা হলেন- কালাম হোসেন (৩২) ও হালিমা বেগম (২৮)। তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন জানান, উপজেলার আলীগঞ্জ গ্রামের কালাম হোসেনের সঙ্গে একই গ্রামের সুলতান খানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকাল ৯টার দিকে সুলাতান খান, হারুন, আক্কাস, হানিফ ও নিজাম বিরোধীয় ওই জমি চাষ করতে গেলে কামাল-হালিমা দম্পতি গিয়ে তাদের বাধা দেয়।
এতে সুলতান খান ও তার দলবল ওই দম্পতির হামলা চালায়। বাবা-মার চিৎকারে শিশু শারমিন এগিয়ে গেলে সুলতান খান ও তার লোকজন বাশেঁর লাঠির দিয়ে তাকে আঘাত করে। ঘটনাস্থলেই শিশু শারমিনের মৃত্যু হয়।
সহকারী পুলিশ সুপার মোর্শেদ আলম ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা সেকান্দার হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-৩৫) হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.
bdnews24