ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেয়ার দায়ে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে রোববার সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকার জরিমানা, অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ঘুষ গ্রহণে সহযোগিতা করার দায়ে মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আনোয়ারের চাচাত ভাই মাহমুদ হোসেনকেও একই দণ্ড দিয়েছে আদালত।
রোববার রাজধানীর বিশেষ জজ আদালত-১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান এ রায় দেন।
মামলার আসামিরা সবাই পলাতক রয়েছেন। তাদের আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ ফাইয়াজ আলম গত বছরের ২৫ জুলাই ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, ২০০০ সালে আনোয়ার হোসেন যোগাযোগমন্ত্রী থাকাকালে কুড়িগ্রাম জেলার ধরলা নদীর ওপর ৬৪৮ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনসের কাছ থেকে ১ কোটি টাকা ঘুষ দাবি করেন।
প্রতিষ্ঠানটির মালিক আমিন আহমেদ ভূঁইয়া ওই বছরের ২০ ফেব্র"য়ারি চেকের মাধ্যমে ঘুষের টাকা মঞ্জুকে দেন।
পরে মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেন, মেয়ে সীমা হোসেন ও চাচাতো ভাই মাহমুদ হোসেনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষের টাকা ভাঙানো হয়।
পরে মামলার অভিযোগপত্রে সীমা হোসেনকে অব্যহতি দেওয়া হয়।
এর আগে মাদক আইনের একটি মামলায় মঞ্জুকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২০৪০ ঘ.
bdnews24