ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে শনিবার বজ্রপাতে ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। খাগড়াছড়িতে নিহত হয়েছেন স্বামী-স্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের তেত্রিশ রশিয়া গ্রামে সকালে বজ্রপাতে একই পরিবারের ২জন নিহত ও ২ জন গুরুতর আহত হন।
নিহতরা হলেন- ওই গ্রামের তৈমুরের ছেলে বুদ্ধু (২৫) ও ফারুকের স্ত্রী আলিফা (২৫)।
গুরুতর আহত হয়েছেন ফারুকের ছেলে শরীফ (৪) ও তরিকুলের স্ত্রী নাজমা (২২)।
আহতদের শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) দেওয়ান মো. আব্দুস সামাদ জানান, শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, রামগড় উপজেলার নাজির টিলা এলাকায় দুপুরে বজ্রপাতে মারা যান আবুল খায়ের (৪৭) ও তার স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
এলাকাবাসী জানায়, দুপুরে প্রবল বৃষ্টির সময় আবুল খায়ের ও তার স্ত্রী বজ্রপাতের শিকার হন। মারাত্মক আহত অবস্থায় তাদের উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩৪ ঘ.
bdnews24