২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাসহ দলীয় নেতাদের মুক্তি দাবি চট্টগ্রাম নগর আ. লীগের

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতারা সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতারা সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন। একইসঙ্গে তারা সংলাপের আগে সারাদেশে গ্রেপ্তারকৃত দলীয় নেতাদের নিশর্ত মুক্তি দাবি করেন। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতারা এ দাবি জানান। সভায় বক্তারা অবিলম্বে জরুরি অবস্থা এবং কোন শর্ত ছাড়াই রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্য দিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রভাবমুক্ত নির্বাচনের বিকল্প নেই বলে বক্তারা মত প্রকাশ করেন। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম এ মান্নান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু। এছাড়া আরও বক্তব্য রাখেন- আবু তালেব চৌধুরী, ডা. আফসারুল আমীন, খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, এম এ রশিদ ও রেজাউল করিম চৌধুরী। সভার আগে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনসমূহের নেতারা শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৭৫৮ ঘ.