ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে চার বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন আনোয়ার চৌধুরী। শনিবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজে চড়ে ঢাকা ছেড়েছেন তিনি। উড়োজাহাজে ওঠার আগে আবেগ্লাপুত হয়ে পড়েন বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্যের এ নাগরিক।
আনোয়ার চৌধুরীকে নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজটি শনিবার সকাল ৮টা ২০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে ভিআইপি লাউঞ্জে ঢুকেন আনোয়ার চৌধুরী। যাওয়ার আগে আবেগাপ্লুত হয়ে বাংলা ভাষায় সাংবাদিকদের বলেন, "বিদায়, আপনারা ভালো থাকবেন।"
আনোয়ার চৌধুরী বিদায় জানাতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত হন বিমানবন্দরে।
আনোয়ার চৌধুরীকে বিদায় জানানোর পর জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক ম্যাকে সাংবাদিকদের বলেন, "এটা ছিল খুবই ব্যক্তিগত মুহূর্ত। তার সঙ্গে ব্যক্তিগত আলাপের পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার নানা দিক নিয়েও আলোচনা হয়েছে। তার সঙ্গে আমাদের খুব ভালো সময় কেটেছিল।"
জার্মান দূত আশা প্রকাশ করেন, আনোয়ার চৌধুরীর উত্তরসূরিও বাংলাদেশ-যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।
গত ১৩ মে বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে আনোয়ার চৌধুরীর কাজের মেয়াদ শেষ হয়। যুক্তরাজ্য সরকার তাকে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ পদে বদলি করেছে। তার স্থলে ঢাকায় হাইকমিশনার হিসাবে আসছেন স্টিফেন ইভান্স।
আনোয়ার চৌধুরী ২০০৪ সালের মে মাসে হাইকমিশনারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন। ২০০৭ সালের এপ্রিলে তার দায়িত্বের মেয়াদ এক বছর বাড়ানো হয়।
বাংলাদেশে দায়িত্ব পালনের সময় গ্রেনেড হামলার মুখে পড়েন আনোয়ার চৌধুরী। ২০০৪ সালের ২১ মে সিলেটে তাকে লক্ষ করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এতে আহত হয়েছিলেন তিনি।
আনোয়ার চৌধুরীর জন্ম সিলেট শহরেই, ১৯৫৯ সালে। কৈশোরেই পরিবারের সঙ্গে বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্য পাড়ি জমান তিনি। ১৯৮৫ সালে শাফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি পান আনোয়ার চৌধুরী। ১৯৯৫ সালে ডারহাম বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেন তিনি।
কূটনৈতিক মহলে জনপ্রিয়তার মধ্যেও সমালোচনাও রয়েছে আনোয়ার চৌধুরীর। সমালোচকদের ভাষায়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তার সংশ্লিষ্টতা প্রায়ই কূটনৈতিক শিষ্টাচার ছাড়িয়ে যেত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24