২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থক প্যানেলের নিরঙ্কুশ বিজয়

ঢাকা আইনজীবী সমিতির ২০০৮-২০০৯ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক অ্যাডভোকেট খোন্দকার আব্দুল মান্নান সভাপতি ও আবদুর রহমান হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 07:30 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আইনজীবী সমিতির ২০০৮-২০০৯ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক অ্যাডভোকেট খোন্দকার আব্দুল মান্নান সভাপতি ও আবদুর রহমান হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। বুধবার ও বৃহস্পতিবার পুরান ঢাকায় সমিতির কার্যালয়ে এ ভোট গ্রহন চলে। জরুরি অবস্থার কারণে এবার নির্বাচনে প্রকাশ্যে ও প্রত্যক্ষভাবে কোন প্যানেল ছিল না। নির্দলীয়ভাবে এ নির্বাচন হয়েছে। তবে আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় সকল পদে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন। কার্যকরী পরিষদের ২৫টি পদের মধ্যে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থীরা ৪টি পদে বিজয়ী হয়েছে। প্রায় ৭ হাজার ২শ জন আইনজীবী এবারের নির্বাচনে ভোটার নিবন্ধিত হয়েছিলেন। এর মধ্যে ৩ হাজার ৪৬২ জন ভোটার ভোট দেন। সভাপতি পদে নির্বাচিত খোন্দকার আব্দুল মান্নানের প্রাপ্ত ভোট ২ হাজার ১৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মকুবল হোসেন ফকির পেয়েছেন ১ হাজার ২১৪ ভোট। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদ উদ্দিন আহমেদ এবং আনোয়ারা শাহজাহান। তাদের প্রাপ্ত ভোটের পরিমাণ যথাক্রমে ১ হাজার ৮১৮ এবং ১ হাজার ৭১৬। সাধারন সম্পাদক পদে নির্বাচিত আবদুর রহমান হাওলাদারের প্রাপ্ত ভোট ১ হাজার ৮৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার জাহিদ ভুঁইয়া পেয়েছেন ১ হাজার ২৮৪ ভোট। এছাড়া অন্যান্য পদের নির্বাচিত প্রার্থীরা হচ্ছেন কোষাধ্যক্ষ মো. আব্দুল গনি (১৬৫৬), সহ সাধারণ সম্পাদক শ্রী প্রাণনাথ (১৮০৮) ও মো. আবদুল মালেক (১৫৪৮), পাঠাগার সম্পাদক রুমানা জামান রিতু (১৭৯১), সাংস্কৃতিক সম্পাদক জাহানারা ইসলাম (২১১৫) ও দপ্তর সম্পাদক মো. জিয়াউল হাসান জামাল (১৭৯২)। ১৫টি সদস্য পদের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন আব্দুল জলিল আফ্রাদ কবির (২০১৫), আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ (১৯৪২), আরিফুর রহমান চৌধুরী সুমন (১৮২৮), বিনয় কুমার ঘোষ বিটু (১৮০৪), মো. জিয়াউল হক জিয়া (১৭৬৭), সৈয়দ আহমেদ মোস্তফা রানা (১৭৫১), সাবিহা ইয়াসমিন (১৬২৪), মো. আমির হোসেন (১৫৯১), খাদিজা বেগম (১৫৮০), শাহানা পারভীন (১৫৭৬), মো. ওসমান গনি খান (১৫৪৫) মো. খলিলুর রহমান মুখর (১৫৩৮), মো. ওবায়দুল হক বাচ্চু (১৫৩৩) মো. শফিকুল ইসলাম (১৫২৩) এবং মো. ইসমাইল জাব্বিল্লাহ (১৫১৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এফএফ/জিএনএ/১৩২২ ঘ.