ব্রাহ্মণবাড়িয়া, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে দুটি গাড়িতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়েছে ১০ জন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, রাত সোয়া ১২টার দিকে মাইক্রোবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিদগ্ধদের মধ্যে রয়েছেন, মো. আলমগীর (৫০), আবুল খায়ের খান (৫০), মাসুদ (২৯), আনোয়ার খান (৬০), মমিনুল হক (৫০), শাহেদ (১৫), নাহিদ (২০), সাইফুল (২৬), অজ্ঞাতনামা এক যাত্রী ও মাইক্রোবাসের চালক। তাদের বাড়ি চাঁদপুরের তালতলায়।
এদের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত আবুল খায়ের জানান, ঢাকার খিলক্ষেত থেকে একটি বৌভাতের অনুষ্ঠান শেষে তারা চাঁদপুরের তালতলা যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সংঘর্ষ হলে মাইক্রোবাসের সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
ওই দুর্ঘটনার পর মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তিন ঘণ্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩১৬ ঘ.
bdnews24