২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে সাবেক এনবিআর সদস্য সারোয়ারের ১৩ বছর কারাদণ্ড

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এ টি এম সারোয়ার হোসেনকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এ টি এম সারোয়ার হোসেনকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় দেন। সারোয়ারকে সহযোগিতার দায়ে তার স্ত্রী নাজমা সারোয়ারকেও তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। (বিস্তারিত) সাজাপ্রাপ্ত এ দুই আসামিই পলাতক রয়েছেন। তাদের আত্মসমর্পণ বা গ্রেপ্তারের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। রায়ে এ দম্পতির অবৈধভাবে অর্জিত সকল সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নিদের্শ দেয় আদালত। সারোয়ারকে দুই ধারায় দেওয়া সাজার মধ্যে রয়েছে অবৈধভাবে সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছরের এবং সম্পত্তির তথ্য গোপন করায় ৩ বছরের কারাদণ্ড। এ সাজা একটা শেষ হলে আরেকটা কার্যকর হবে। অর্থাৎ তাকে মোট ১৩ বছরের সাজা ভোগ করতে হবে। গত ১০ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপসহকারি পরিচালক মাহমুদ হাসান বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, সারোয়ার হোসেন কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে এক কোটি ৩৪ লাখ ৫৬ হাজার ৭'শ ২২ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি এক কোটি ৪৯ লাখ ৭'শ ২২ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন। মামলায় নাজমা সারোয়ারের বিরুদ্ধে তার স্বামীর অবৈধ কাজে সহযোগিতার অভিযোগ আনা হয়। গত বছরের ২০ সেপ্টেম্বর কর ফাঁকির অপরাধে সারোয়ার হোসেনকে ৮ বছরের কারাদণ্ড দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/এমএ/১৯০০ ঘ.