চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলার প্রধান দুই আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
অধিকতর তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা দুই আসামি মো. হাফিজ ও দ্বীন মোহাম্মদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের মহানগর হাকিম গোলাম ফারুক আবেদনের শুনানি শেষে দুই আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার অধিকতর তদন্তের সুবিধার্থে এ দুই আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
প্রায় দুই বছর সাত মাস মামলা চলার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গত ৩ মার্চ অধিকতর তদন্তের আবেদন জানান। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর পুলিশ সিআইডির মাধ্যমে মামলাটি অধিকতর তদন্তের উদ্যোগ নেয়।
২০০৪ সালের ২ এপ্রিল মধ্যরাতে কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ট্রলার থেকে খালাসকালে পুলিশ দশ ট্রাক অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও রকেট লাঞ্চার আটক করে।
ওই রাতেই কর্ণফুলী থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান ৪৩ জনকে আসামি করে অস্ত্র মামলায় এবং ৪৪ জনকে আসামি করে চোরাচালান মামলা করেন।
গত বছর ১৭ জানুয়ারি থেকে মামলা দুটির বিচার কার্যক্রম শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮৩৭ ঘ.
bdnews24