ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলার আসামি সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও এম শামসুল ইসলামের আগাম জামিনের আবেদন বৃহস্পতিবার নেয়নি হাইকোর্ট।
বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হকের বেঞ্চ আবেদনটি গ্রহণ না করার ব্যাখ্যায় জানায়, জরুরি বিধিমালার মামলায় অভিযুক্তর জামিন আবেদন উচ্চ আদালতও বিবেচনা করতে পারবে না। আপিল বিভাগ এ রকম একটি রায় দিয়েছে। তাই এই আদালত এ জামিন আবেদনের শুনানি করতে পারবে না।
এরপর বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটি জমা দেয়া হলে তারা জানান, বৃহস্পতিবার এই আবেদন শুনানির জন্য গ্রহণ করা সম্ভব নয়।
এর আগে সকালে এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম হাইকোর্টে হাজিরা দিতে আসেন। এ সময় তাদের আইনজীবীরা আগাম জামিনের আবেদন দুটি জমা দেন। আবেদনের ওপর শুনানি না হওয়ায় সাড়ে ১১ টার দিকে এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম আদালত থেকে চলে যান।
তাদের আইনজীবীরা সাংবাদিকদের জানান, বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রোববার জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।
আসামিদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, "বিশেষ পরিস্থিতিতে এই আগাম জামিনের আবেদন জানানো হয়েছে। সাধারণ কোনো মামলায় অভিযোগপত্র দেওয়ার পর হাইকোর্ট আগাম জামিনের আবেদন বিবেচনা করে না। কিন্তু এ মামলায় এম কে আনোয়ার ও শামসুল ইসলামের নাম এজাহারে ছিল না। তাদের নাম অভিযোগপত্রে দেয়া হয়েছে। তাই এ আগাম জামিনের আবেদন হাইকোর্ট বিবেচনা করতে পারে।"
এদিকে গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টায় মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতদের বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন।
একইসঙ্গে কারাগারে থাকা সব আসামিকে আগামী ২২ মে আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে গত বছর ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে।
কমিশন গত ১৩ মে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১২ জনকে পলাতক দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/এমএ/১৭৩৫ ঘ.
bdnews24