জামালপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ডিজেল ভর্তুকির টাকা বঞ্চিত তিন শতাধিক কৃষক বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেছে।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট করে কৃষকরা। পরে পুলিশ গিয়ে গিয়ে তাদের তুলে দেয় বলে স্থানীয়রা জানায়।
সরিষাবাড়ির চর আদ্রা ও হেলেঞ্চাবাড়ি গ্রামের কৃষকদের অভিযোগ, তারা প্রান্তিক ও ক্ষুদ্র বোরো চাষী হিসেবে ডিজেলে ভর্তুকি পাওয়ার যোগ্য হলেও সংশ্লিষ্টরা তাদের বঞ্চিত করেছেন।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে সরিষাবাড়ির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ কৃষকরা কী কারণে ভর্তুকির টাকা পাননি তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
প্রতিটি প্রান্তিক ও ক্ষুদ্র বোরো কৃষক ভর্তুকির টাকা পাবেন বলে আশ্বাস দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯২৩ ঘ.
bdnews24