২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রডের দাম নিয়ন্ত্রণে শুল্ক হ্রাস ও স্ক্র্যাপ আমদানি উন্মুক্ত করবে সরকার

সরকার রডের দাম নিয়ন্ত্রণে শুল্ক হ্রাস ও স্ক্র্যাপ (রড তৈরির কাঁচামাল) আমদানি উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। রডের দাম নিয়ন্ত্রণে পূর্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার রডের দাম নিয়ন্ত্রণে শুল্ক হ্রাস ও স্ক্র্যাপ (রড তৈরির কাঁচামাল) আমদানি উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। রডের দাম নিয়ন্ত্রণে পূর্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। বাণিজ্য সচিব ফিরোজ আহম্মেদসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এতে অংশ নেন। হোসেন জিল্লুর বলেন, "নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহৃত এমএস রডের মূল্য নিয়ন্ত্রণে গণপূর্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি আটটি সুপারিশ করেছে। কমিটির সুপারিশ অনুসারে সরকার শুল্ক হ্রাস এবং বাণিজ্যিকভাবে রডের কাঁচামাল স্ক্র্যাপ আমদানি উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।" তিনি জানান, শুল্ক হ্রাসের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবনা জানতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হয়েছে। দু'একদিনের মধ্যেই এনবিআর থেকে উত্তর পাওয়া যাবে। জবাব পাওয়া গেলে আগামী বাজেটের আগে অথবা বাজেট পাশের পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। উপদেষ্টা বলেন, "বর্তমান নিয়ম অনুযায়ী বাণিজ্যিকভাবে স্ক্র্যাপ আমদানি উন্মুক্ত করতে আইনগত জটিলতার সম্ভাবনা রয়েছে। তাই এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েও চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে পুরো স্ক্র্যাপ জাহাজ আমদানি করার নিয়ম পরিবর্তনেও সরকার উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধও করা হয়েছে।" বর্তমানে মাত্র কয়েকটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠান এ ধরণের স্ক্র্যাপ আমদানি করে। আমদানি উন্মুক্ত করা হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে। এতে রডের দাম অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, চট্টগ্রামে 'স্ক্র্যাপ ইয়ার্ড'-এর জন্য সরকারি জমি বরাদ্দে সমতা এবং বরাদ্দের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চট্টগ্রামের জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএ/১৯১২ ঘ.