২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে আশুগঞ্জে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত

আশুগঞ্জ রেলস্টেশনে মঙ্গলবার রাতে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে আটজন মারা গেছে। ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস রাত সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। (আরও তথ্যসহ- ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 08:12 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ রেলস্টেশনে মঙ্গলবার রাতে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে আটজন মারা গেছে। ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস রাত সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আশুগঞ্জ থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। আহত প্রায় ৩০ জনকে ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে আশুগঞ্জের নূর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, "একই লাইনে দাঁড়িয়ে থাকা নোয়াখালী এক্সপ্রেসকে সিলেটগামী উপবন পেছন থেকে ধাক্কা দেয়। এতে নোয়াখালী এক্সপ্রেসের দুটি বগি ছিটকে লাইনের ধারে পড়ে যায়।" ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আব্দুল হাই রাত সোয়া দুইটার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকাজ পুরোদমে শুরু হবে।" তিনি ৮/১০ জন যাত্রীর গুরুতর আহত হওয়ার খবর জানিয়ে বলেন, "কম আহত হওয়া যাত্রীর সংখ্যাও কম নয়।" জেলা প্রশাসক মো. আব্দুল হাই এর আগে সাতজন নিহত হওয়ার খবর জানান। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আতাউল কিবরিয়া দুর্ঘটনা হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, " উদ্ধারকারী ট্রেন এসে নোয়াখালী এক্সপ্রেসের দুমড়ে-মুচড়ে যাওয়া বগি দুটি না কাটা পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। বগি দুটির ভেতরে আরও লাশ আটকা পড়ে আছে বলে ধারণা করছি।" দমকল বিভাগের স্থানীয় অফিসের কর্মকর্তা ভজন সরকার ঘটনাস্থল থেকে জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া একটি বগির ভেতর তারা একটি হাত দেখতে পাচ্ছেন। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন সহ ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ইএইচবি/এএনএস/ডিডি/এমএইচবি/০২৪৭ ঘ.