ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণ প্রত্যাখ্যান করে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ। আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনটির অভিযোগ, জরুরি অবস্থা প্রত্যাহারের কোনও ঘোষণা না দিয়ে প্রধান উপদেষ্টা জনগণের সঙ্গে 'প্রতারণা' করেছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় মধুর ক্যান্টিনে। পরে সেখান থেকে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কলা ভবনের সামনে বটতলায় সমাবেশ করে।
সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "জনগণ প্রধান উপদেষ্টার ভাষণে সুস্পষ্টভাবে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা আশা করেছিলো। কিন্তু তিনি জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।"
রিপন অভিযোগ করেন, "নির্বাচনের নামে প্রহসন করার জন্যই জরুরি অবস্থা প্রত্যাহার না করেই নির্বাচনের কথা বলা হয়েছে।"
ছাত্রলীগ সভাপতি কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটনসহ আটক রাজনৈতিদক নেতাদের মুক্তি দাবি করেন।
সমাবেশে বক্তারা জরুরি অবস্থা প্রত্যাহার ও শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট বক্তব্য না থাকায় হতাশা প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু, সহ-সভাপতি সিদ্দীকী নাজমুল আলম, সহ-সভাপতি গোলাম সারোয়ার কবির প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/এমএ/১৫৫২ঘ.
bdnews24