ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেত্রী ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক সংবাদ উপস্থাপিকা রাশিদা মহিউদ্দিনের মৃত্যুর কারণ খুঁজতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রোববার এক সংবাদ সম্মেলনে রাশিদার বড় ভাই প্রবাসী অধ্যাপক নাজমুল করিম এ দাবি জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, "রাশিদার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ মৃত্যুর কারণ খুঁজে বের করা দরকার। এ জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।"
রাশিদা মহিউদ্দিনের হার্ট অ্যাটাকের ঘটনাটি বুঝতে পেরেও মর্ডান ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ ও অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ডা. কামাল ইব্রাহিম বিষয়টি পরিবারকে জানাননি বলে অভিযোগ করেন নাজমুল করিম।
তিনি বলেন, "রাশিদার চিকিৎসায় কোথায়, কীভাবে ভুল হলো তা জানার অধিকার পরিবারের রয়েছে। যখন কোনো মুমূর্ষু রোগীকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভেন্টিলেটর যন্ত্রের সহায়তা দেওয়া হয়, তখন বিষয়টি পরিবারকে জানানো হয়। কিন্তু আমাদের কিছু জানানো হয়নি।"
বাংলাদেশে রাশিদার চিকিৎসা পদ্ধতিতে ত্র"টি ছিল দাবি করে তিনি বলেন, "এর আগে আমেরিকার চিকিৎসকরা আমার বোনকে দাঁতে অস্ত্রোপচার করতে নিষেধ করেছিল।"
সংবাদ সম্মেলনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "চিকিৎসায় অবহেলার কারণে রাশিদার মৃত্যু হয়েছে। সরকারকে রাশিদা মহিউদ্দীনের মৃত্যুসহ সব অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।"
সংবাদ সম্মেলনে রাশিদার বড় ভাইয়ের স্ত্রী সুলতানা লুৎফুন্ননেসা উপস্থিত ছিলেন।
গত ২৯ এপ্রিল রাতে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে রাশিদার মহিউদ্দিনের দাঁতে অস্ত্রোপচার হয়। সেখানে হৃদরোগে আক্রান্ত হলে পরদিন তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১ মে মারা যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসএনডি/এমএইচবি/২২১০ ঘ.
bdnews24