ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ চার সিটি করপোরেশন ও ছয় পৌরসভায় নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং শ্রীপুর (গাজীপুর), মানিকগঞ্জ, ফুলবাড়িয়া (ময়মনসিংহ), সীতাকুণ্ড (চট্টগ্রাম), শরীয়তপুর ও গোলাপলগঞ্জ (সিলেট) পৌরসভা নির্বাচনের প্রস্তুতির জন্যে এসব এলাকায় সম্ভাব্য ভোটকেন্দ্রর তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার থেকে ১৯ মে পর্যন্ত সংশ্লিষ্ট উপ নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা এবং সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও পৌর নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভোটকেন্দ্রের তালিকা টাঙানো থাকবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও (www.ecs.gov.bd) এ তালিকা দেখা যাবে।
এ বিষয়ে কারো আপত্তি থাকলে ১৯ মে'র মধ্যে সিটি করপোরেশনের উপ নির্বাচন কমিশনার অথবা জেলা নির্বাচন কমিশনারের কাছে আবেদন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২১৫১ ঘ.
bdnews24