ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের প্যারোলের মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে তার প্যারোলের মেয়াদ তৃতীয় দফায় বাড়ানো হলো।
আব্দুল জলিল বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। গত ৩ মার্চ তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
আব্দুল জলিলের আবেদনের পরিপ্রেক্ষিতে তার প্যারোলের মেয়াদ ১৩ মে থেকে দুই মাস বাড়ানো হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, "ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাময়িক মুক্ত সিঙ্গাপুরে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী এম এ জলিলের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে ও চিকিৎসার স্বার্থে তার সাময়িক মুক্তির সময়সীমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ১৩ মে ২০০৮ থেকে আরও দুই মাসের জন্য বৃদ্ধি করা হল।"
এর আগে দুই দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
কিডনির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে গত ২ মার্চ আব্দুল জলিলকে এক মাসের মেয়াদে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
৩ মার্চ তিনি ঢাকা ছাড়েন।
আব্দুল জলিলকে ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি, হৃদরোগ, রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচডি-ইএইচবি/জিএনএ/১১০৮ ঘ.
bdnews24