২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি দাবিতে চট্টগ্রামে পোশাক কারখানায় বিক্ষোভ-ভাঙচুর

মজুরি ও অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে শনিবার চট্টগ্রামে একটি সুয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে। পরে মালিকপক্ষ, পুলিশ ও বিজিএমইএ নেতাদের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি ও অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে শনিবার চট্টগ্রামে একটি সুয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে। পরে মালিকপক্ষ, পুলিশ ও বিজিএমইএ নেতাদের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে। পুলিশ জানায়, নগরীর মুরাদপুর বিরিহাট এলাকায় মো. মহিউদ্দিনের মালিকানাধীন বিপিএল ওয়ার্ম সুয়েটারের শ্রমিকরা নতুন পিস রেইট ঘোষণা, মাসিক বেতন ও অতিরিক্ত কাজের মজুরি বৃদ্ধি এবং কারখানায় পানি সঙ্কট নিরসনের দাবিতে শুক্রবার দুপুরে বিক্ষোভ করে। পরে মালিকপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। শনিবার সকালে শ্রমিকরা আবার বিক্ষোভ শুরু করে। কিন্তু মালিকপক্ষ আলোচনার কোনো উদ্যোগ না নিলে শ্রমিকরা একপর্যায়ে কারখানার বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। তাদের হামলায় নিটিং সুপার ভাইজার আবদুল খালেক ও নিটিং ইনচার্জ আরিফুর রহমান আহত হন। এ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ২টার দিকে মালিকপক্ষ দাবি পূরণের জন্য পাঁচদিনের সময় চায়। এরপর শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করলেও কারখানায় কোনো কাজ হয়নি। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিপিএল সুয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা রাস্তায় নামেনি। সকাল ৮টা থেকে বিক্ষোভ শুরু হলেও ভাঙচুর হয় সকাল ১১টার দিকে। তিনি জানান, দুপুরে মালিকপক্ষ ও বিজিএমইএ নেতৃবৃন্দ দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করে এবং কারখানা ছূটি ঘোষণা করা হয়। এর আগে গত ৬ মে নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আজিম গ্র"পের মালিকানাধীন তিনটি সুয়েটার কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক মজুরি বৃদ্ধি ও পিস রেইটের মূল্য বৃদ্ধির দাবিতে প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে ও ভাঙচুর চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/কিউএইচ/এসএনডি/২০৩৮ ঘ.