ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ উপায়ে সম্পত্তি অর্জন ও এর তথ্য গোপনের মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা বিচারপতি ফজুলল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ার অভিযোগে ফজলুল হকের মেয়ের জামাই তারিকুর রহমান প্রিন্সের বিরুদ্ধে বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফজলুল হককে দুর্নীতি দমন কমিশনের কার্যালায়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সময় তার স্ত্রী সুলতানা হককেও জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
গত ১৩ এপ্রিল কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম রমনা থানায় ফজলুল হকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, ফজলুল হক অবৈধভাবে ৯৭ লাখ ৩৭ হাজার ৪৪ টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে এই সম্পদের তথ্য গোপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/২১০০ ঘ.
bdnews24