ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলবায়ু পরিবর্তনের কারণেই সিডর ও নার্গিসের মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে এবং এ ব্যাপারে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লির সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স (সিএসই)।
পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক সংস্থাটির পরিচালক সুনীতা নারায়ণ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, "জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে কোনো একটি নির্দিষ্ট ঝড়কে চিহ্নিত করা যাবে না। তবে এ কারণে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। এদের একটি হচ্ছে নার্গিস। এর আগে বাংলাদেশে আঘাত হেনেছে সিডর।"
গত শুক্রবার মিয়ানমারে আঘাত হানা নার্গিসে এ পর্যন্ত ২০ হাজার লোক মারা যাওয়ার কথা জানা গেছে। আরও ৪০ হাজার নিখোঁজ রয়েছে। এর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঝড় সিডরের আঘাতে বাংলাদেশের উপকূলীয় এলাকার ১৬টি জেলায় ব্যাপক ক্ষতি হয় এবং তিন হাজারের বেশি মানুষ নিহত হয়।
বিবৃতিতে বলা হয়, ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্তরা জলবায়ু পরিবর্তনের শিকার। এর জন্য বিশ্বের ধনী দেশগুলোই দায়ী, যারা গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) ২০০৭ সালের প্রতিবেদনে পরিষ্কারভাবে জানানো হয়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে এ বছর ঘূর্ণিঝড়ের মাত্রা বাড়বে।
আইপিসিসি'র উদ্ধৃতি দিয়ে সিএসই'র বিবৃতিতে বলা হয়, "পর্যবেক্ষণ প্রমাণ করে গ্রীষ্মমণ্ডলীয় এলাকার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ার কারণে ১৯৭০ এর পর থেকে উত্তর আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়ের মাত্রা বেড়ে গেছে। আইপিসিসি বিভিন্ন মডেল পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছে, তাপমাত্রা বৃদ্ধির কারণে ভবিষ্যতে ঘূর্ণিঝড়ের তীব্রতা আরও বাড়বে।"
ওই বিবৃতিতে সিএসই'র আবহাওয়াবিদ মারিও ডি সুজা বলেন, দূষণকারী বড় বড় দেশগুলোই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও মৃত্যুর জন্য দায়ী।
তিনি বলেন, "ধনী দেশগুলো নিজেদের অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে বেশি পরিমাণে কার্বন নিঃসরণ করায় এমনটি হচ্ছে। এই নিঃসরণের কারণে মিয়ানমার বা বাংলাদেশের মতো দেশে প্রাণহানি ঘটছে। সেখানকার মানুষের জীবনযাত্রা পাল্টে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মতো দূষণ সৃষ্টিকারী বড় দেশগুলো এর দায় এড়াতে পারে না।"
নারায়ণ বলেন, "ক্ষতিগ্রস্ত দেশগুলো কীভাবে জলবায়ু পরিবর্তনের এ ধাক্কা সামলাবে? বিশ্বকে এখন এ প্রশ্নেরই জবাব খুঁজতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এসকে/০০১৩ঘ.
bdnews24