ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে পলিথিন কারখানা স্থাপন ও পলিথিন উৎপাদনের অভিযোগে ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুরের সাবেক সাংসদ মো. হারুনুর রশীদসহ ৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার পরিবেশ আদালতের যুগ্ম জেলা জজ ফউজুল আজিম বুধবার এ রায় দেন।
দণ্ডিত বাকি আসামিরা হলেন- মো. জহির হোসেন খান, তোরাবেল আলম ও ইমতিয়াজুল হক চৌধুরী। এরা হারুনুর রশীদের পলিথিন কারখানার কর্মকর্তা ও কর্মচারী।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৫ সালের ১১ জুলাই পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আখতারুজ্জামান টুকুর নেতৃত্বে একটি দল তেজগাঁও শিল্প এলাকায় হিটেজ পলি প্যাক লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে দেখতে পান, অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ওই কারখানায় পলিথিনের ব্যাগ উৎপাদিত হচ্ছে।
ওইদিনই কারখানা মালিক হারুনুর রশীদসহ ৪ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়।
বুধবার আসামিরা আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্র"তি দেন।
এর পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেককে অর্থ দণ্ডে দণ্ডিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩৩৭ ঘ.
bdnews24