২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি মাসেই সংলাপ করে নির্বাচনের তারিখ দিন: সুরঞ্জিত

চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বুধবার বিকেলে ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে 'ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ: সংগ্রামী এক জীবনের কথা' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সুরঞ্জিত সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, "আপনারা যত তাড়াতাড়ি যাবেন ততই ভালো। আমরা ঘরোয়া রাজনীতি চাই না। উন্মুক্ত রাজনীতি চাই। রাজনৈতিক দলগুলোই সব সমস্যার সমাধান করতে পারবে।" মেয়র মোহাম্মদ হানিফ ফাউন্ডেশন ঢাকা শহরের চার'শ বছর উপলক্ষে সাংবাদিক ও লেখক মোস্তাক হোসেন রচিত বইটি প্রকাশ করেছে। অবিলম্বে শেখ হাসিনার মুক্তি চেয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না।" বিশেষ অতিথি দলের সভাপতিমন্ডলীর সদস্য আমীর হোসেন আমু ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের স্মৃতিচারণ করে বলেন, "২০০১ সালের নির্বাচনের পর মোহাম্মদ হানিফের দৃঢ়তার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পেরেছিল।" ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার সময় মোহাম্মদ হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ব্যক্তিগত এক নিরাপত্তা কর্মকর্তা মানববর্ম তৈরি করে শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন উল্লেখ করে আমু বলেন, "শেখ হাসিনার স্বার্থে আমাদের মোহাম্মদ হানিফকে শ্রদ্ধা করা উচিত। মোহাম্মদ হানিফের জন্যই আমরা শেখ হাসিনাকে পেয়েছি।" অনুষ্ঠানে মোহাম্মদ হানিফের ছেলে মোহাম্মদ সাঈদ খোকন আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই মেট্রোপলিটন সরকার প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান। তিনি বলেন, "ঢাকার মানুষ মনে করে, অবিলম্বে শেখ হাসিনাকে মুক্তি দিয়ে দেশের চলমান সঙ্কট নিরসনের দায়িত্ব তাকে দেওয়া হোক। চলমান সঙ্কট থেকে উত্তরণের পথ বের করতে পারেন একমাত্র শেখ হাসিনা।" সাঈদ খোকনের সভাপতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, ড. আব্দুর রাজ্জাকসহ মোহাম্মদ হানিফের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এসকে/২১১৮ঘ.