মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন গ্রাহকদের সাবস্ক্রিপশন ফরম সংরক্ষণ করার নিয়ম থাকলেও তা কেজি দরে বিক্রি করে দেয়া হচ্ছে। সম্প্রতি পুরান ঢাকার ঠোঙা তৈরির দোকান থেকে ১৩ কেজি ফরম উদ্ধার করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
এসব ফরম এভাবে বিক্রি করে দেয়ায় গ্রাহকদের ব্যক্তিগত নিরাপত্তা ব্যহত হতে পারে বলে আশঙ্কা করছে বিটিআরসি।
বিষয়টির সত্যতা স্বীকার করে বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোরের কাছে বলেন, "এটি দুঃখজনক। দায়ী মোবাইল অপারেটরদের কাছে আমরা এর ব্যাখ্যা চেয়েছি।"
কোম্পানিগুলোর ব্যাখ্যা পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি সপ্তাহে পুরান ঢাকার ঠোঙা বানানোর দোকান থেকে ১৩ কেজি ফরম উদ্ধার করা হয়। ওইসব ফরমের মধ্যে গ্রামীণফোন, একটেল ও বাংলালিংকের গ্রাহক ফরম পাওয়া গেছে। বিটিআরসি গোপন খবরের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়েছিল।
ওই কর্মকর্তা বলেন, "সোমবার মোবাইল ফোন অপারেটরদের প্রধানদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে বিটিআরসি। উদ্ধার করা ফরম দেখানোর পর তারা বিষ্ময় প্রকাশ করেন।"
ফোন সংযোগ বিক্রির সময় মোবাইল অপারেটররা বিটিআরসির নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের কাছ থেকে তিন কপি সাবস্ক্রিপনশন ফরম পূরণ করিয়ে নেয়। এর মধ্যে এক কপি গ্রাহকদের দিয়ে দেয়া হয়। নিয়ম অনুযায়ী, বাকি দুই কপি অপারেটরদের সংরক্ষণ করার কথা।
এ ব্যাপারে গ্রামীণফোনের পরিচালক সৈয়দ ইয়ামিন বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুতর। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।"
একটেলের পরিচালক (সমন্বয়) ফজলুর রহমান দাবি করেন, বিটিআরসি যেগুলো উদ্ধার করেছে তা পুরনো ও খালি ফরম। এর মধ্যে কেবল একটি ফরম পাওয়া গেছে যা গ্রাহকের।
এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
সোমবার বিটিআরসির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন এমন একটি মোবাইল কোম্পানির প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধার করা সাবস্ক্রিপশন ফরম আমাদের দেখানো হয়। আমার প্রতিষ্ঠানের ফরম না পাওয়া গেলেও এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশে দিয়েছি আমি।"
বিটিআরসি চেয়ারম্যান বলেন, "এভাবে সাবস্ক্রিপশন ফরম বাইরে চলে গেলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যেতে পারে। তাতে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/১৯২০ঘ.
bdnews24