২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণের দাবি শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের

ন্যূনতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। বুধবার রাজধানীর তোপখানা রোডে পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। বুধবার রাজধানীর তোপখানা রোডে পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্যে পরিষদের আহ্বায়ক শাহ আতিউল ইসলাম বলেন, "গত বছর পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। বর্তমান বাজার পরিস্থিতিতে এই মজুরিতে চলা সম্ভব নয়। তাই সরকারিভাবে কমিশন গঠন করে ন্যূনতম মজুরী কাঠামো পুননির্ধারণ করা হোক। এছাড়া অন্যান্য খাতের শ্রমিকদের মূল বেতনের একশ ভাগ মহার্ঘ ভাতা ঘোষণা, বাজার দরের অর্ধেক দামে রেশনিং চালু করা হোক।" একইসঙ্গে ২০০৬ সালের শ্রম আইন ও এর সংশোধনী অধ্যাদেশ বাতিলের দাবি জানান তিনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৬ সালে পাশ হওয়া শ্রম আইন সংশোধন করে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০০৭ জারি করে। আতিউল ইসলাম বলেন, "পরিষদ মনে করে, এ আইন আইএলও কনভেনশনের পরিপন্থী। এটি কার্যকর হলে শ্রমিকের মানবাধিকার লঙ্ঘিত হবে।" গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম ইমাম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি জুবরান আলী, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এমএ/১৮৪১ ঘ.