ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল সংলাপ স্বচ্ছ করার লক্ষ্যে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। পাশাপাশি ছোট দলগুলোর সঙ্গে যৌথভাবে বসার বিষয়েও ভাবছে সরকার।
আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফের দপ্তরে সংলাপের বিভিন্ন দিক নিয়ে চার উপদেষ্টার সংলাপ বিষয়ে এক বৈঠক শেষে বুধবার শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এসব তথ্য জানান।
হোসেন জিল্লুর বলেন, "মূল সংলাপ স্বচ্ছ করতে নীতিমালার প্রয়োজন রয়েছে। এজন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে।"
তিনি জানান, সমমনা ছোট দলগুলোর সঙ্গে যৌথভাবে বসা যায় কিনা সে বিষয়টি ভেবে দেখা হচ্ছে। এক্ষেত্রে দলগুলোর সম্মতি নেওয়া হবে। এ ছাড়া বড় দলগুলোকে আলাদাভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা গোলাম কাদের ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/এমএ/১৭৪০ ঘ.
bdnews24