চাঁপাইনবাবগঞ্জ, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী ও দুই মেয়েকে পুড়িয়ে হত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের দফাদারপাড়া গ্রামের লিটনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ ঋষিকেশ সাহা বুধবার এ দণ্ডাদেশ দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি লিটনের বাবা জিল্লার রহমান, ভাই আব্দুর রাজ্জাক, মোস্তফা ও বোন বেবী খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
যৌতুকের দাবিতে ২০০১ সালের ১৬ আগস্ট স্ত্রী রুনী খাতুন ও দুই মেয়ে শরিফা (৪) ও স্বপ্নাকে (২) পুড়িয়ে হত্যা করে লিটন। ঘটনার পরদিন রুনীর মা সাবিনা বেগম বাদি হয়ে শিবগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, বিয়ের সময় লিটন রুনীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক নেয়। পরে আরও যৌতুকের জন্য রুনীকে চাপ দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ২০০১ সালের ১৬ আগস্ট রাতে রুনী ও তার ঘুমন্ত শিশু সন্তানদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় লিটন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে যায়। পরদিনই তাদের তিনজনের মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক রুহুল আলম ২০০১ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৮ ঘ.
bdnews24