চট্টগ্রাম, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজীদ থানা এলাকার চন্দ্রনগর নাছির কলোনিতে মঙ্গলবার ভোরে মাটির ঘরের দেয়াল ধসে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পরিবারের আরও তিনজন।
নিহতরা হলেন- এনামুল হক (৮) ও এমরানুল হক (৫)। এ ঘটনায় তাদের বাবা আবদুল মালেক, বোন সুমি এবং খালা সেতারা বেগম আহত হয়েছেন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবদুল মালেকের পরিবারের সদস্যরা চন্দ্রনগরে সেতারা বেগমের বাসায় বেড়াতে যায়। আগের দিনের বৃষ্টির ফলে মঙ্গলবার ভোর চারটার দিকে সেতারা বেগমের ঘরের দেয়াল ধসে পড়ে।
তিনি আরও জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জানান এনাম ও এমরান মারা গেছে। আহত তিনজনের অবস্থা আশংকামুক্ত নয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24