২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগমগঞ্জে ডাকাত-পুলিশ বন্দুক যুদ্ধে তিনজন আহত

বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের খালিশপুর গ্রামে সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুক যুদ্ধে সফিক উল্ল্যা ওরফে কানা সফিক (৪৮) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

নোয়াখালী, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের খালিশপুর গ্রামে সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুক যুদ্ধে সফিক উল্ল্যা ওরফে কানা সফিক (৪৮) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠায়। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ কনস্টেবল নাজিম উদ্দীন ও হাফিজুর রহমান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি, একটি বগি দা, একটি চাইনিজ কুড়াল, দুই রাউন্ড কার্তুজ ও একটি গুলির খোসা উদ্ধার করেছে। বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাসানুজ্জামান বলেন, রাত ৩টার দিকে খালিশপুর গ্রামের সিরাজ উদ্দীন পাটওয়ারীর বাড়িতে ডাকাতদল হানা দেয়। বাড়ির লোকজনের চিৎকারে পুলিশ ঘটনাস্থলে যায়। সন্ত্রাসীদের ধরতে ওই রাতে ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে চলছিল। তিনি জানান, পুলিশ বাড়িটি ঘেরাও করলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এক পর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। আধঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ১৫/২০ রাউন্ড গুলি ছুঁড়ে। জবাবে পুলিশ ১৩ রাউন্ড গুলি করে। এসময় ডাকাত সফিক উল্যা ওরফে কানা সফিক পুলিশের গুলিতে আহত হন। অপরদিকে ডাকাতদের হামলায় আহত হন পুলিশ লাইনের কনস্টেবল হাফিজুর রহমান (৭০৯) ও নাজিম উদ্দীন (৪৬১)। এক পর্যায়ে ডাকাতরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। এএসপি বলেন, পুলিশের গুলিতে আহত কানা সফিককে গ্রেপ্তার করে প্রথমে বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তী সময়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই কনস্টেবলকে পাঠানো হয়েছে পুলিশ হাসপাতালে। তিনি জানান, ডাকাত কানা সফিক সদর উপজেলার দাদপুর ইউনিয়নের অ্যাডভোকেট মমিন উল্যা হত্যা মামলায় ১০ বছর সাজা খেটেছে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার পশ্চিম শুল্লুকিয়া গ্রামে। গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, বেগমগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি এবং পুলিশের ওপর হামলায় পৃথক তিনটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮১৫ ঘ.