২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য পৌর এলাকায় মোবাইল নেটওয়ার্ক চালুর অনুমতি

দেশের তিন পার্বত্য জেলায় মোবাইল ফোন অপারেটর ও বেসরকারি ল্যান্ডফোন কোম্পানিগুলোকে নেটওয়ার্ক চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পৌর এলাকাগুলো প্রাথমিকভাবে এই সুবিধার আওতায় আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের তিন পার্বত্য জেলায় মোবাইল ফোন অপারেটর ও বেসরকারি ল্যান্ডফোন কোম্পানিগুলোকে নেটওয়ার্ক চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পৌর এলাকাগুলো প্রাথমিকভাবে এই সুবিধার আওতায় আসবে। বিকেলে পিএসটিএন ও মোবাইল অপারেটরদের সঙ্গে সভা করে বিটিআরসি নেটওয়ার্ক চালুর ব্যাপারে এই সবুজ সংকেত দেয়। সভায় সভাপতিত্ব করেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিটিআরসি চেয়ারম্যান বলেন, "এ সিদ্ধান্তের ফলে পার্বত্য এলাকার জনসাধারণের দীর্ঘদিনের দাবি পুরণ হতে যাচ্ছে। দ্রুত নেটওয়ার্ক চালুর জন্য অপারেটরদের বলা হয়েছে।" সোমবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় পার্বত্য জেলাগুলোতে সিম রেজিষ্ট্রেশনের ব্যাপারে জোর দেওয়া হয় এবং গ্রাহক সেবা কার্যক্রম অপারেটরদেরকেই পরিচালনা করতে বলা হয়। বিটিআরসির সভাকক্ষে বৈঠকে বিটিআরসির কমিশনার এস এম মনির আহমেদ, কমিশনার আলিবর্দী খন্দকারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোবাইল ও পিএসটিএন অপারেটরদের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধানরা। বিটিআরসির এ সিদ্ধান্তের পর গ্রামীণফোনের পরিচালক (জনসংযোগ বিভাগ) সৈয়দ ইয়ামিন বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি নীতিমালা অনুসারে ওই এলাকা দ্রুত গ্রামীণফোনের নেটওয়ার্কের আওতায় আনা হবে। আমরা অন্যান্য মোবাইল অপারেটরদের সঙ্গে একই নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহার করতে চাই।" ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী মুনির ফারুকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন পার্বত্য জেলায় মোবাইল ফোন চালুর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিটিআরসির অনুমতি পাওয়ার পর সরকারের নীতিমালা অনুসারে দ্রুততম সময়ে নেটওয়ার্ক চালু করা হবে। এতে সারা দেশেই ওয়ারিদের নেটওয়ার্ক কাজ করবে।" প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ গত ২৭ মার্চ রাঙামাটিতে তিন পার্বত্য জেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার শুধু পৌর এলাকায় মোবাইল নেটওয়ার্ক চালুর সিদ্ধান্তের কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/১৯৫০ ঘ.