২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদদের গ্রেপ্তারে দুদকের ভূমিকা অস্বীকার করলেন হাসান মশহুদ

সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ অন্য রাজনীতিবিদদের সরকার গ্রেপ্তার করেছে জানিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, এসব গ্রেপ্তারের ক্ষেত্রে কমিশনের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। সোমবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ অন্য রাজনীতিবিদদের সরকার গ্রেপ্তার করেছে জানিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, এসব গ্রেপ্তারের ক্ষেত্রে কমিশনের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। সোমবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খালেদা জিয়াসহ শীর্ষস্থনীয় বেশ কিছু রাজনীতিবিদকে দুনীতির মামলা হওয়ার পরপরই গ্রেপ্তার করা হলেও কারো কারো ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটছে কেন- এমন এক প্রশ্নের জবাবে হাসান মশহুদ বলেন, "খালেদা জিয়াসহ অন্য রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছে সরকার। কাউকে গ্রেপ্তার করা হবে কি না- তা নিয়ে কখনো দুদকের সঙ্গে আলোচনা করা হয়নি।" তিনি বলেন, "বিশেষ বিশেষ ক্ষেত্রে মামলার তদন্ত কর্মকর্তা যদি মনে করেন সংশ্লিষ্ট আসামি পালিয়ে যেতে পারেন বা মামলার তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন, তাহলে তিনি আসামিকে গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সুপারিশ করতে পারেন।" সাবেক দুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হওয়া নাইকো মামলা জরুরি ক্ষমতা বিধিমালা অর্ন্তভুক্ত করা হচ্ছে না জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, "বর্তমান প্রেক্ষিতই এর কারণ। উচ্চ আদালতে একটি বিশেষ মামলার রায়ের অপেক্ষায় আছি আমরা। ওই রায়ের ওপরই নির্ভর করছে আরও কয়েকটি মামলার বিচার কাজ। আমরা চাই না একই কারণে কেউ উচ্চ আদালতে রিটের সুযোগ পাক।" তিনি বলেন, "জরুরি অবস্থার কিছু সুবিধা আছে। তবে জরুরি আইনের ওপর নির্ভরশীল হতে চাই না। কেননা জরুরি যখন থাকবে না। তখন আমরা কাজ করতে পারব না।" বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তের ক্ষেত্রে তাদের সঙ্গে মুখোমুখি আলোচনার একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, "কারো প্রতি দোষারোপ করে কোনো সমস্যার বিশেষ অগ্রগতি আনা যাবে না। এমনিতেই লোকজন বলা শুরু করেছে আমরা বিশেষ বিশেষ পেশার মানুষের দুর্নীতির খোঁজ করছি।" তিনি জানান, মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ের সঙ্গে দুদকের যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। নীতিগতভাবে এতে দু'পক্ষের সম্মতিও রয়েছে। তাদের কাছে থাকা বিভিন্ন অনিয়মের অনেক তথ্য নিয়ে দুদক কাজ করতে পারে। নিজের পদত্যাগের গুঞ্জন সম্পর্কে হাসান মশহুদ বলেন, "পদত্যাগের সম্ভাবনা কেটে গেছে। হঠাৎ করে পদত্যাগ করব না এটা নিশ্চিত। আবারও বলতে চাই পদত্যাগ নয়, লড়াই করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএ/১৯০৫ ঘ.