২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণসভায় রাশিদা মহিউদ্দিনের মৃত্যুর তদন্ত দাবি

আওয়ামী লীগ নেত্রী ও বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা রাশিদা মহিউদ্দিনের মৃত্যুর কারণ খুঁজতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলছেন, চিকিৎসায় অবহেলার কারণে রাশিদার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেত্রী ও বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা রাশিদা মহিউদ্দিনের মৃত্যুর কারণ খুঁজতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলছেন, চিকিৎসায় অবহেলার কারণে রাশিদার মৃত্যু হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক স্মরণ সভায় অধ্যাপক সিদ্দিক এ কথা বলেন। বিভাগের সাবেক ছাত্রী রাশিদা মহিউদ্দিনের স্মরণে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ সভার আয়োজন করে। আরেফিন সিদ্দিক বলেন, "রাশিদা মহিউদ্দীনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর কারণ খুঁজে বের করতে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দরকার। এ জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।" রাশিদার চিকিৎসা সঠিকভাবে হয়নি অভিযোগ করে তিনি বলেন, "মডার্ন ডায়গনস্টিক সেন্টার ও ল্যাব এইড হাসপাতালে রাশিদার চিকিৎসার ক্ষেত্রে সঠিক দিক নিদের্শনার অভাব ছিল। রাশিদার সতীর্থ ও বিভাগের খণ্ডকালীন শিক্ষক কাজী রওনক হোসেন বলেন, "মডার্ন ডায়গনস্টিক সেন্টার রাশিদার দাঁত তোলার জন্য কেন জেনারেল অ্যানেসথেশিয়া দিল তা বোধগম্য নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।" বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশিদ এর সুষ্ঠু তদন্ত দাবি করেন। রাশিদার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খাঁন বলেন, "তার মতো লোক বাংলাদেশের রাজনীতিতে দরকার ছিল। সে এ দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চেয়েছিল।" গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. গীতিআরা নাসরিন স্মরণ সভায় রাশিদার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আখতার সুলতানা, ড. আবুল মনসুর, মালেকা খান, শিক্ষক মোফিজুর রহমান, শাওন্তী হায়দার ও সালাহউদ্দিন আহমেদ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সম্মান প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে রাশিদা মহিউদ্দিন ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিটিভির জনপ্রিয় এই সংবাদ পাঠিকা ঢাকা শেরাটন হোটেলের জনসংযোগ পরিচালক ছিলেন। গত মঙ্গলবার রাতে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে তার দাঁতে অস্ত্রোপচার হয়। হৃদরোগে আক্রান্ত হলে পরদিন তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা বৃহস্পতিবার তাকে মৃত ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/কিউএইচ/জেকে/এমআই/১৮৪০ ঘ.