ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অনুষ্ঠেয় জাতীয় সংলাপে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত সরকার কোন সিদ্ধান্ত নেয়নি।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এবং শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সচিবালয়ে পৃথক পৃথকভাবে সাংবাদিকদের একথা জানান।
রোববার উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়সহ সংলাপের সার্বিক প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তারা।
শনিবার ঢাকায় বিবিসির একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ আসন্ন সংলাপে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির পক্ষে মত দেন।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন,"সংলাপের প্রস্তুতি চলছে। আমরা আলোচনা করছি। আরো আলোচনা করব। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হবে।"
সংলাপের দিনক্ষণ চুড়ান্ত হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,"এখনও এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংলাপ প্রসঙ্গে ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার তথ্য সচিব আপনাদের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি চূড়ান্ত হলে তিনিই আপনাদেরকে জানিয়ে দেবেন।"
সংলাপে সেনাবাহিনীর কোন প্রতিনিধি থাকবেন কিনা সে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পরিষদে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
একই প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল 'কিছু জানেন না' বলে সাংবাদিকদের জানান।
জাতীয় সংলাপের দিনক্ষণ চুড়ান্ত হয়েছে কিনা এবং আগামী ৮ই মে এর মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে কিনা এ প্রশ্নের জবাবে আনোয়ারুল ইকবাল বলেন,"এ সময়ের মধ্যেই সংলাপ শুরু হতে পারে বলে আশা করছি। তবে দিনক্ষন এখনও চুড়ান্ত হয়নি। আগামী ২/১ দিনের মধ্যেই সংলাপের দিনক্ষন জানানো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১২৪৯ ঘ.
bdnews24