২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের দুর্নীতিবিরোধী অভিযান ঝিমিয়ে পড়েছে: টিআইবি প্রধান

সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযান ঝিমিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতিবিরোধী নজরদারি সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের (টিআইবি) ট্রাষ্ট্রি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযান ঝিমিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতিবিরোধী নজরদারি সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের (টিআইবি) ট্রাষ্ট্রি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ। শনিবার বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব আয়োজিত এক আলোচনায় সংশয় প্রকাশ করে টিআইবি চেয়ারম্যান বলেন, "দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর কমিশন প্রধান যে ধরনের বক্তব্য রেখেছিলেন এখন কেন যেন আগের সেই সাহসিকতা নেই। ক্রমেই তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত পত্রিকায় প্রকাশিত তার বক্তব্য বিশ্লেষণ করলেই এর প্রমাণ পাওয়া যায়। সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযান কেন যেন ঝিমিয়ে পড়েছে। " সরকারের দুর্নীতিবিরোধী অভিযান সম্পর্কে টিআইবি'র পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে মোজাফ্ফর আহমদ বলেন, " চেয়ারম্যান বা কমিশনের মধ্যে আগের সেই স্বচ্ছতা বা জবাদিহিতা আমরা লক্ষ্য করছি না। হয়তো কোনো অদৃশ্য শক্তির কারণে তিনি আগের মতো কাজ করতে পারছেন না।" তিনি বলেন, "কমিশনের চেয়ারম্যান হয়তো নানা কারণে অনেক কিছু চেপে যাচ্ছেন। কিন্তু এ ধরনের নীরবতা অনেক গুজবের জন্ম দিতে পারে। " আয়োজক ইউনেস্কো ক্লাবের সভাপতি গিয়াস কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মাহমুদুল হাসান ও ইউনেস্কো ক্লাবের সদস্য সচিব মাহবুব উদ্দিন চৌধুরী। মোজাফ্ফর আহমদ বলেন, " সরকার যে তথ্য অধিকার আইন করতে যাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয়। তবে শুধু সরকারের নয়, বিভিন্ন এনজিও, ব্যবসায়ী সংগঠনসহ বেসরকারি খাতেরও নানা ধরনের তথ্য জানার অধিকার সাংবাদিকদের নিশ্চিত করতে হবে। " গণমাধ্যমের স্বাধীনতার ওপর জোর দিয়ে আকবর আলি খান বলেন, " এছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা প্রহসনে পরিণত হবে। এছাড়া অর্থনৈতিক স্বাধীনতার বিষয়টি স্বাধীন গণমাধ্যমের সঙ্গে সরাসরি সম্পর্কিত। স্বাধীন গণমাধ্যম ছাড়া মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন হয়। এ কারণে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টিকে সবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।" জরুরি অবস্থার সুযোগ নিয়ে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতাকে স্তিমিত করা হয়েছে বলে মন্তব্য করেন মঞ্জুরুল আহসান বুলবুল। তিনি বলেন, "এটি কোনো অবস্থাতেই সংবিধানসম্মত নয়।" দেশের বিভিন্ন স্থানে ১১ জন সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন তিনি। শওকত মাহমুদ বলেন, "বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিকালে গণমাধ্যম বিশেষ ভূমিকা রেখেছে। গণমাধ্যম তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করায় আমরা এ যাত্রায় দুর্ভিক্ষ এড়াতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে সরকারও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছে। কিন্তু প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করার কারণে সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযান ঝিমিয়ে পড়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৫৪ঘ.