ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫ মে-র গণ অনশন কর্মসূচী পালনের জন্য পুলিশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ।
শনিবার সন্ধ্যায় দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান।
সাংবাদিকদের আর এক প্রশ্নের জবাবে আশরাফুল ইসলাম জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আসন্ন সংলাপে সশস্ত্র বাহিনী উপস্থিত থাকলে আওয়ামী লীগের কোন আপত্তি থাকবে না।
সৈয়দ আশরাফ বলেন," সরকার যদি সশস্ত্র বাহিনীকে নিয়ে আসে তবে আমাদের কোন আপত্তি থাকবে না।"
তিনি বলেন," সরকার কাকে নিয়ে সংলাপে বসবে তা আমরা ঠিক করে দিতে পারব না। আমরাও কাকে নিয়ে সংলাপে যাব সেটাও সরকার ঠিক করে দিতে পারে না। তবে সংলাপে সুশীল সমাজের উপস্থিতির বিষয়ে আমরা আপত্তি জানিয়েছিলাম।"
"সরকারের অংশ হিসেবে সশস্ত্র বাহিনী সংলাপে উপস্থিত থাকতেই পারে"-মন্তব্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের।
ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএ/এসকে/২০২১ঘ.
bdnews24