চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফটিকছড়ি উপজেলায় পৃথক ঘটনায় দুই গরু চোর ও এক ছিনতাইকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাইন্দং এলাকায় গণপিটুনিতে মারা যান ছিনতাইকারী ওমর ফারুক (২৫)। নাজিরহাট এলাকায় জনতার ধাওয়ার মুখে পালানোর সময় বাস চাপা পড়ে মারা যান অপর দুই অজ্ঞাত পরিচয় গরু চোর।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাইন্দং এলাকায় ছিনতাই ও গণপিটুনির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারী জুয়েল (২১) ও ইলিয়াসকে (২৫) একটি এলজিসহ গ্রেপ্তার করে।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে পাইন্দং ইউনিয়নের চৌধুরী বাড়ী রাস্তার মাথায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় জনতা তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ফারুক নিহত এবং অপর দুজন আহত হন।
ওসি আব্দুল জলিল জানান, উপজেলার নাজিরহাটে গরু চুরি করে জনতার ধাওয়ার মুখে পালানোর সময় হাসপাতাল সড়কের সামনে বাসের চাপায় মারা যান দুই চোর। তবে এদের পরিচয় পাওয়া যায়নি।
তিন জনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/২০১২ ঘ.
bdnews24