ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'নার্গিস' শুক্রবার রাতে অথবা শনিবার সকালে মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে।
ভারতীয় সরকারী ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র আরএসএমসি/আইএমডি তাদের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার (ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা) এই বুলেটিনে জানানো হয়, ভয়াবহ ঘূর্ণিঝড় 'নার্গিস' মিয়ানমারের উপকূল থেকে ৫৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতি ঘন্টায় ১৩৫ কিলোমিটার।
এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও জোরদার হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় সংলগ্ন এলাকায় সাগর খুবই উত্তাল।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে দু'নম্বর দূরবর্তী সতর্ক সংকেত পুনঃ দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং তাদেরকে গভীর সমুদ্রে না যেতেও পরামর্শ দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার তাদের সর্বশেষ বুলেটিনে জানায়, ঘূর্ণিঝড়টি মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে আনুমানিক ৪২০ নটিক্যাল মাইল (৭৭৮ কিলোমিটার) দূরে অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএ/১৪৪৭ ঘ.
bdnews24