ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় 'নার্গিস' মঙ্গলবার বিকেলের পর উপকূলের দিকে সামান্য অগ্রসর হয়েছে। এর আগে দিনভর ঝড়টি প্রায় একই অবস্থানে ছিল। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আগের ঝড়গুলোর গতিপ্রকৃতি বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে 'নার্গিস' এর আঘাত হানার সম্ভাবনা আছে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরো সময় লাগবে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের রাতের বিশেষ বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড় 'নার্গিস' মঙ্গলবার রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১০৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার থেকে এ পর্যন্ত ঘূর্ণিঝড়টির অবস্থানের খুব একটি হেরফের হয়নি। ২৪ ঘণ্টায় এটি সামান্য অগ্রসর হয়েছে। তবে আরো শক্তিশালী হয়ে 'নার্গিস' অগ্রসর হতে পারে।"
তিনি বলেন, "নার্গিস' কোথায় আঘাত হানবে তা ১৮ থেকে ২০ ঘণ্টার আগে নিশ্চিত করে বলা যাবে না। আগের রেকর্ড অনুযায়ী এ সময়ে যেসব ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল তা বাংলাদেশ ও মিয়ানমার উপকূল অতিক্রম করেছে। এ থেকে এবারের ঘূর্ণিঝড়টিও বাংলাদেশ ও মিয়ানমার উপকূল দিয়ে যেতে পারে বলে অনুমান করা যায়।"
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে দু'নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে।
ঘূর্ণিঝড় 'নার্গিস' সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টায় উপকূলের দিকে ২০ কিলোমিটার অগ্রসর হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এটি একই এলাকায় স্থির ছিল। বিকালের ঝড়টি সামান্য উত্তর দিকে সরে আসে। বর্তমানে এর গতিবেগ ঘণ্টায় পাঁচ থেকে আট নটিক্যাল মাইল।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২৩০৯ ঘ.
bdnews24