ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিউমার্কেট ও নীলক্ষেত এলাকার হকারদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছাত্রদের কলেজ ক্যাম্পাসে ঢুকিয়ে দেয়।
কলেজ ক্যাম্পাসে ঢুকে পুলিশের নির্বিচার লাঠিপেটায় ছাত্র-শিক্ষকসহ প্রায় অর্ধশত আহত হয়েছেন। আহত চার শিক্ষকের মধ্যে উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়রুল আলম খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের দিকে 'লেগুনা' নামের গাড়িতে আসা কলেজের এক ছাত্রের সঙ্গে ভাড়া নিয়ে চালকের সহকারীর কথা কাটাকাটি হয়।
এরপর ওই ছাত্রকে নীলক্ষেত এলাকায় নিয়ে মারধর করে লেগুনার কর্মীরা। খবর পেয়ে ঢাকা কলেজের ছাত্ররা এগিয়ে এলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
মনিরুল ইসলাম আরো জানান, একই সময়ে নীলক্ষেতে বই কেনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক ছাত্রের সঙ্গে হকারদের কথা কাটাকাটি হয়। ওই ছাত্রটি কলেজে গিয়ে সহপাঠীদের ডেকে এনে কয়েক হকারকে মারধর করে। এ ঘটনায় হকারদের সঙ্গেও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, সংঘর্ষে আহত ছাত্র মোহাম্মদ উল্লাহ সাংবাদিকদের জানান, মাইলাইন নামের পরিবহনে আসা এক ছাত্র বাস থেকে নামতে গিয়ে আহত হয়। ঢাকা কলেজ কিছু শিক্ষার্থী নীলক্ষেত এলাকায় বাসটি আটক করলে আশপাশের হকাররা বাস শ্রমিকদের সঙ্গে অংশ নিয়ে তাদের মারধর করে। এরপরই কলেজ থেকে ছাত্ররা রাস্তায় বেরিয়ে এসে হকারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ শুরু হওয়ার পর ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কে অবস্থান নেয়। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। ওই এলাকায় সব দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছাত্রদের কলেজের ভেতরে ঢুকিয়ে দেয়।
সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কলেজের সামনের সড়ক দিয়ে স্বল্পসংখ্যক যান চলাচল শুরু হলেও শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা ছিল। কলেজের বাইরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোহাম্মদ উল্লাহ অভিযোগ করেন, পুলিশ কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্র-শিক্ষক সবাইকে নির্বিচারে মারধর করে। ছাত্ররাও পাল্টা ইটপাটকেল ছুড়লে একপর্যায়ে পুলিশ পিছু হটে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ২টার দিকে পুলিশ কলেজের নর্থ ও সাউথ ছাত্রাবাসের ডাইনিংয়ে ঢুকে ছাত্রদের বেধড়ক লাঠিপেটা করে। এর আগে তারা কলেজের প্রশাসনিক ভবন ও পদার্থ বিজ্ঞান বিভাগে ভেতরে ঢুকে ছাত্র-শিক্ষদের উপর হামলা চালায়।"
কলেজের ভিতরে ঢুকে পুলিশের লাঠিপেটার নিন্দা জানিয়ে অধ্যক্ষ অধ্যাপক বশিরুল হক সাংবাদিকদের বলেন, "এর আগে ক্যাম্পাসে ঢুকতে হলে পুলিশ অনুমতি নিত। কিন্তু মঙ্গলবার কোনো অনুমতি নেওয়া হয়নি। শিক্ষক-ছাত্রদের ওপর হামলার ঘটনায় আমরা খুবই মর্মাহত।"
অধ্যাপক বশিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষকদের জরুরি বৈঠকে বুধবার কলেজে কোনো ক্লাস না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বুধবার সকালে আরেকটি সভায় শিক্ষক ও ছাত্রদের ওপর হামলার ঘটনায় পরবর্তী সিদ্ধান্ত হবে।"
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষকরা ছাত্রদের বুঝিয়ে কলেজ ক্যাম্পাসের ভিতরে নিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে ছাত্ররা ক্যাম্পাসের ভেতর থেকে পুলিশের প্রতি ইটপাটকেল ছুড়লে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রেণের স্বার্থে পুলিশ কলেজে ঢুকতে বাধ্য হয়।"
সংঘর্ষের সময় কলেজের উপাধ্যক্ষ আনোয়ারুল আলম খান ছাড়াও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক অলি উল্লাহ, ইংরেজির ফারজানা আকতার ও পরিসংখ্যানের রিয়াজুল হাকিম আহত হন। আহত ছাত্রদের মধ্যে আছেন ইলিয়াস হোসেন, মিঠু, নূরে আলম, মো. কবির, আইনাল হক, মোহাম্মদ উল্লাহ, মমিুনুর রশিদ, আরিফুর রহমান ও রবি। ঢাকা কলেজের অফিস সহকারী শহিদুল ইসলাম এবং কর্মচারি মো. নাদিম ও মোস্তাফা কামালও আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/একেএম/এসএনডি/এমএইচবি/২২৩৭ ঘ.
bdnews24