২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ঠাকুরবাড়ি ডাকাতি ও হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

বাগেরহাট সদর উপজেলার কোমরপুর গ্রামের ঠাকুরবাড়িতে ডাকাতি ও হত্যার মামলায় মঙ্গলবার ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ২০০৩ সালের আলোচিত ওই অপরাধের পেছনে তখনকার চারদলীয় জোট সরকারের স্থানীয় নেতাদের ইন্ধন ছিল বলে অভিযোগ আছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা ও দায়রা জজ নূরুন্নাহার ওসমানী এই রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

বাগেরহাট, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলার কোমরপুর গ্রামের ঠাকুরবাড়িতে ডাকাতি ও হত্যার মামলায় মঙ্গলবার ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ২০০৩ সালের আলোচিত ওই অপরাধের পেছনে তখনকার চারদলীয় জোট সরকারের স্থানীয় নেতাদের ইন্ধন ছিল বলে অভিযোগ আছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা ও দায়রা জজ নূরুন্নাহার ওসমানী এই রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় করা দুটি মামলারই রায় দিলো নিম্ন আদালত। দণ্ডিতরা হলেন- সদর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে ইদ্রিস শেখ, ফজল উদ্দিন শেখের ছেলে হারুন শেখ, রহিমাবাদ গ্রামের সৈয়দ আলী বেগের ছেলে বেগ মোয়াজ্জেম হোসেন সাবু ও বাগদিয়া গ্রামের লক্ষ্মী মালঙ্গীর ছেলে শহীদ মালঙ্গী, কচুয়া উপজেলার ধলনগর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শাজাহান ওরফে হায়দার ওরফে কুট্টি, শরণখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের মৃত মমিন উদ্দিন জমাদ্দারের ছেলে ফারুক ওরফে লুৎফর জমাদ্দার, মোরেলগঞ্জ উপজেলার ধরাদোয়া গ্রামের ইসহাক শেখের ছেলে আনিছ হাওলাদার, একই উপজেলার চন্দনতলা গ্রামের আজাহার আলীর ছেলে দুলাল, খুলনা শহরের চানমারী বাজার এলাকার বারেক সরদারের ছেলে কালু সরদার ওরফে আবুল কালাম এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে মজনু হাওলাদার ওরফে মঞ্জু ওরফে সেন্টু। এই দশজনের মধ্যে ইদ্রিস শেখ, শাজাহান, ফারুক ও মজনু হাওলাদারকে একই ঘটনায় গণধর্ষণের অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া আনিছকে যাবজ্জীবন ও কালু সরদারকে দশ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ২০০৫ সালের ১১ মে মামলাটির রায় হয়। এদের মধ্যে ফারুক, মজনু, দুলাল ও শহীদ মালঙ্গী পলাতক। বাকীরা বাগেরহাট কারাগারে আছেন। ডাকাতি ও হত্যা মামলার অন্য ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- নিমাই দে, সঞ্জয় দাস, আজাদ মালঙ্গী, আনোয়ার হোসেন, বুলবুল কবীর, আলম শেখ, ইমদাদুল, মহাদেব দত্ত, নারায়ণ চৌধুরী, সাহানা, জোবেদা এবং আব্দুল্লাহ আল মামুন। ২০০৩ সালের ৯ মার্চ পূর্ব শত্র"তাবশত নিরঞ্জন ভট্টাচার্যকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। নিরঞ্জন বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেলেও সন্ত্রাসীরা তার পরিবারের তিন নারীকে গণধর্ষণ এবং ছোটভাই তপন ভট্টাচার্যকে হত্যা করে। এছাড়া তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে। অপরাধীদের পেছনে তখনকার চারদলীয় জোট সরকারের স্থানীয় নেতাদের ইন্ধন ছিল বলে অভিযোগ ওঠে। এ ঘটনা দেশে-বিদেশে ব্যাপকভাবে আলোচিত হয়। ঘটনার পরদিন নিরঞ্জন ভট্টাচার্য বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করেন। ২০০৪ সালের ১৪ মে গণধর্ষণ এবং ডাকাতি ও হত্যার অভিযোগে পৃথক দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবু ও একে আজাদ ফিরোজ টিপু। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সামছুল হকসহ বেশ কয়েকজন আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২০২৪ ঘ.