২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ৮৬ শতাংশ ভোট পড়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর ফল জানানো যাবে বলে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আশা করছেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর ফল জানানো যাবে বলে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আশা করছেন। নির্বাচনে ১ হাজার ৭৮০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৩২ জন ভোট দিয়েছেন বলে নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সে হিসাবে শতকরা ৮৬ ভাগ ভোট পড়েছে। নিজামুল হক বলেন, "সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমি আনন্দিত। সমিতির সব আইনজীবীর সহযোগিতাতেই নির্বাচন সুষ্ঠু হয়েছে।" তিনি বলেন, "আইনজীবীরা দীর্ঘদিন ধরে সমিতির নির্বাচন অনুষ্ঠানের দাবি করছিলেন। নির্বাচন হল। এতে যারা বিজয়ী হবে তারা সুষ্ঠুভাবে সমিতিকে পরিচালনা করবেন বলে আমি আশা করছি।" নিজামুল হক আরও বলেন, "সন্ধ্যা ৭ টায় ভোট গণনা শুরু হচ্ছে। গণনা শেষে আশা করছি মধ্যরাতে নির্বাচনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা সম্ভব হবে। তবে বুধবার আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।" এর আগে নির্বাচনের প্রথম দিন সোমবার সমিতির ৫৩৯ জন সদস্য ভোট দেন। নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আগের দিনের মতো মঙ্গলবারও সকাল থেকে সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্র্থীদের মিলনায়তনের বাইরে দুই সারিতে দাঁড়িয়ে ভোট চাইতে দেখা যায়। হাইকোর্টের বিচারপতি মিজানুর রহমান ভুইঞা সকাল ১১টায় নির্বাচন পরিদর্শন করেন। এসময় সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী ভোট দিচ্ছিলেন। বিচারপতি ভুইঞা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, সাবেক স্পিকার আবদুল হামিদ, ড. কামাল হোসেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ড. এম জহির, সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল মঙ্গলবার ভোট দেন। এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন। এরা হলেন, ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, একে মুজিবুর রহমান, হুমায়ুন হোসেন খান, সিরাজুল ইসলাম খান ও সাইফুর রেজা। সম্পাদক পদে লড়ছেন ব্যারিস্টার আবদুল্লা আল মামুন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান, নুরুল ইসলাম সুজন, এবিএম বায়েজীদ, একেএম জহিরুল হক ও এএসএম আবুল হোসেন। এছাড়া সহ সভাপতির দুটি পদে ছয় জন, কোষাধ্যক্ষের একটি পদে দুই জন, সহ সম্পাদকের দুটি পদে পাঁচ জন এবং নির্বাহী সদস্যের সাতটি পদে চৌদ্দজন প্রার্থী হয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৪ ও ২৫ মার্চ। কিন্তু সরকার ২৩ মার্চ এ নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরে ২৪ মার্চ সরকারের সঙ্গে সমিতির বৈঠকে ২৮ ও ২৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের তারিখ পুনঃনির্ধারণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমআই/১৯১০ ঘ.