২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবীদের নির্বাচনের প্রথম দিন এক-তৃতীয়াংশ ভোট পড়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিন সোমবার প্রায় এক-তৃতীয়াংশ ভোট পড়েছে। দ্বিতীয় ও শেষ দিন মঙ্গলবারও ভোট চলবে। ভোট গণনা শেষে মঙ্গলবার রাতেই ফল প্রকাশ করার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিন সোমবার প্রায় এক-তৃতীয়াংশ ভোট পড়েছে। দ্বিতীয় ও শেষ দিন মঙ্গলবারও ভোট চলবে। ভোট গণনা শেষে মঙ্গলবার রাতেই ফল প্রকাশ করার কথা রয়েছে। সমিতির নির্বাচন ঘিরে প্রতিবছর আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করে। তবে এবার জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হওয়ায় আইনজীবীদের তেমন উৎসাহ দেখা যায়নি। নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তাও জোরদার করা হয়। সমিতির মিলনায়তনে সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫৩৯ জন সদস্য ভোট দিয়েছেন। দুপুরে এক ঘণ্টার বিরতি ছাড়া টানা ভোট গ্রহণ চলে। এবার ভোটার রয়েছেন ১ হাজার ৭৮০ জন। সকাল থেকে সারাদিন সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পদের প্রার্র্থীদের মিলনায়তনের বাইরে দুই সারিতে দাঁড়িয়ে ভোট চাইতে দেখা যায়। সকালে প্রথম ভোট দিতে বুথে ঢোকেন সভাপতি প্রার্থী একে মুজিবুর রহমান। তবে ব্যালট বাক্সে প্রথম পড়ে অ্যাডভোকেট আসাদুল্লাহর ভোট। সমিতির নির্বাচনে এবারই প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার হচ্ছে। বিকাল ৫টায় প্রথম দিনের ভোট গ্রহণ শেষে নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দিনে মোট ৫৩৯ আইনজীবী ভোট দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু পরিবেশে হচ্ছে জানিয়ে তিনি বলেন, "সবকিছু ঠিকমতো চলছে। ২৫ মাস পরে নির্বাচন হলেও আনন্দময় পরিবেশেই ভোট চলছে।" এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন। এরা হলেন, ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, একে মুজিবুর রহমান, হুমায়ুন হোসেন খান, সিরাজুল ইসলাম খান ও সাইফুর রেজা। সম্পাদক পদে লড়ছেন ব্যারিস্টার আবদুল্লা আল মামুন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান, নুরুল ইসলাম সুজন, এবিএম বায়েজীদ, একেএম জহিরুল হক ও এএসএম আবুল হোসেন। এছাড়া সহ সভাপতির দুটি পদে ছয় জন, কোষাধ্যক্ষের একটি পদে দুই জন, সহ সম্পাদকের দুটি পদে পাঁচ জন এবং নির্বাহী সদস্যের সাতটি পদে চৌদ্দজন প্রার্থী হয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৪ ও ২৫ মার্চ। কিন্তু সরকার ২৩ মার্চ এ নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরে ২৪ মার্চ সরকারের সঙ্গে সমিতির বৈঠকে ২৮ ও ২৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের তারিখ পুনঃনির্ধারণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৮৫৫ ঘ.